
ময়মনসিংহের ভালুকা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় ৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
চিঠিতে বলা হয়, এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ এ আপনার প্রতিষ্ঠানের গড় পাসের হার ৩০ শতাংশের নিচে। উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবরের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আপনার প্রতিষ্ঠানের এসএসসি-সমমান পাসের হার ৩০ শতাংশের উর্দ্ধে না উঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফিরোজ হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্যের চিন্তা যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৩০ শতাংশের নিচে তাদের বেতন বা এমপিও বন্ধ রাখা। উপজেলার আইন-শৃঙ্খলার মাসিক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বেতন শিটে স্বাক্ষর করেন সেহেতু সভাপতিকে জানানো হয়েছে। সরকারের এমপিও আমরা বাতিল করিনি। শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন জমা হবে কিন্তু তারা উত্তোলন করতে পারবে না। পাসের হার যখন বাড়বে তখন ছেড়ে দেয়া হবে।