
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। নাহিদকে গ্রেফতার দেখানো হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান নুরুল ইসলাম নাহিদ । তিনি দীর্ঘ ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।