কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে‘চায়ের কাপে গল্প’ নামের একটি পথ রেস্তোরাঁর উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের সদস্যদের দাবি লোহার রড দিয়ে পেটানো ও ভয়ভীতি দেখানো হয়েছে। গত সোমবার (৯ নভেম্বর) উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির পিতা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। সোমবার সকালে সে তিন বন্ধুর সাথে 'চায়ের কাপে গল্প’ নামের পথরেস্তোরাঁ দেখতে যায়। এ সময় রেস্তোরাঁর আলোকসজ্জার ঝাড়বাতি ছিঁড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে আটক করা হয়। তারপর সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে মারধর করা হয়।
শিশুটির পিতা শহিদুল ইসলাম বলেন, ছেলের মাদ্রাসার শিক্ষক বিকালে ঘটনাটি জানায়। পথরেস্তোরাঁর মলিক আল মামুনের সাথে যোগাযোগ করলে ৫০ হাজার টাকা ক্ষতিপুরণ দাবি করে। পরে পথরেস্তোরাঁর মালিককে তিন হাজার টাকা দেয়া হয়। সন্ধ্যায় ছেলেকে বাড়িতে নিয়ে আসার পর তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ছেলেকে গাছে বেঁধে মারধর করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটি জানায়, সে তার তিন বন্ধুর সাথে ‘চায়ের কাপে গল্প' রেস্তোরাঁ দেখতে গিয়েছিল। তাদের একজন সেখানকার আলোকসজ্জার বাতি ছিঁড়ে ফেলে। লোকজন দেখে ফেলায় বন্ধুরা দৌড়ে পালিয়ে যায়। আমি বাতি না ছেঁড়ায় দৌড় দেইনি। আমাকে ধরে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ঘুষি, লাথি ও থাপ্পড় দেয়। সকাল থেকে বিকাল পর্যন্ত নির্যাতন করে। কাউকে জানালে মেরে ফেলার কথা বলে।
শিশুটির মাতা হাজেরা খাতুন বলেন,‘আমার ছেলেকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। নির্যাতনের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তিন দিন তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়েছে। সুষ্ঠু তদন্ত মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নুর ইসলাম নামের স্থানীয় একব্যক্তি বলেন, শিশুটিকে চুরির অভিযোগে আটক করা হয়েছিল। মারধরের বিষয়ে শিশুটির নিকট জানতে চাইলে সে ভয়ে কিছু বলেনি। তিন হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে শিশুটিকে ছাড়িয়ে আনা হয়। তখন শিশুটির শরীরে পোশাক থাকায় আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে বাড়িতে নিয়ে আসার পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
‘চায়ের কাপে গল্প’ রেস্তোরাঁর মালিক আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেন। শিশুটির পিতা নিজেই শাসন করার জন্য মারধর করেছে। শিশুটিকে সুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে গেছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।
ভূরুঙ্গামারী থানার ওসি এম. আর. সাঈদ বলেন, অভিযোগের ভিত্তিতে উপ-পরিদর্শক শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটিকে মারধরের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।