কুড়িগ্রামের সদর উপজেলা ও রাজারহাট উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। যে সমস্ত জমির ধান পাকাতে শুরু করেছে তা নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। তবে কৃষি বিভাগের দাবি প্রাথমিক পর্যবেক্ষণে শিলাবৃষ্টিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি কয়েক মিনিট স্থায়ী ছিল। এতে আমন ধান হেলে পড়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল হক বলেন, কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ধান চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে। দুর্যোগের কবলে ফসলের ক্ষতি হলে প্রচুর লোকসান হবে।
আরেক কৃষক নুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। মাঠে এখন আমন ধান রয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিয়ে চিন্তায় আছি।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার রাতে কুড়িগ্রামে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক মো. রওশন কবির বলেন, বুধবার সকাল থেকে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। জেলার ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। অল্প পরিমান জমির ধান বাতাসে হেলে পড়েছে। শিলাবৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।